Sylhet Today 24 PRINT

দুদকের জিজ্ঞাসাবাদে হুইপ আতিক

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৮

কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে শেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সোয়া ১০টা থেকে দুদক উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা কে এম মেসবাহ উদ্দিন তার জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এর আগে গতকাল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে খুলনা-২ এর সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়ে বলেন, গত ৫ এপ্রিল আতিককে তলব করে একটি চিঠি পাঠানো হয়েছিল।

তলব করা নোটিশ সূত্রে জানা যায়, আতিউর রহমান আতিকের বিরুদ্ধে তিনআনি বাজারে বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামে ৩০ একর জমিতে বাগানবাড়ি তৈরি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুটি প্লট, ধানমন্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাটসহ নামে বেনামে শত কোটি টাকা অর্জন, নিয়োগ বাণিজ্য, টিআর-কাবিখা, স্কুল-কলেজের এমপিওভূক্তি থেকে মোটা অংকের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.