Sylhet Today 24 PRINT

পুলিৎজার পেলেন বাংলাদেশি ফটোসাংবাদিকসহ রয়টার্সের ফটোগ্রাফি টিম

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৮

যুক্তরাষ্ট্রের সাংবাদিকতা জগতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয় পুলিৎজার পুরস্কার। রোহিঙ্গা সংকটের ছবি তুলে ফিচার ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার পেয়েছে বাংলাদেশি ফটোসাংবাদিকসহ সংবাদ সংস্থা রয়টার্সের পুরো ফটোগ্রাফি স্টাফ।

রয়টার্সের ফটোগ্রাফি স্টাফের সদস্য বাংলাদেশি ফটোসাংবাদিক মোহাম্মদ পনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মাদকের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে রিপোর্টিং করায় রয়টার্সকে ২০১৮ সালের আন্তর্জাতিক রিপোর্টিং ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।

হলিউডের চলচ্চিত্র প্রযোজনা হার্ভি উইনস্টাইনের যৌন হয়রানির সংবাদ প্রকাশ করায় নিউইয়র্ক টাইমস ও নিউ ইয়র্কার যৌথভাবে পুলিৎজার পুরস্কার পেয়েছে। এ রিপোর্টিংয়ের পর বিশ্বজুড়ে মিটু হ্যাশ ট্যাগ দিয়ে আন্দোলন শুরু হয়। হাজার হাজার নারী যৌন হয়রানির বিরুদ্ধে সরব হয়।

প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমনপীড়ন শুরু করে সেনাবাহিনী। হত্যা, গণহত্যা, গণধর্ষণ, নির্যাতনের খবরও পাওয়া যায়। অভিযানের পর থেকে রাখাইন থেকে পালিয়ে এসে বাংলাদেশে সাত লক্ষাধিক রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু আশ্রয় নেয়। তাদের প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারকে সই করে মিয়ানমার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.