Sylhet Today 24 PRINT

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ এ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সকলস্তরের নেতৃবৃন্দ ও  যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা মুজিবনগর দিবস পালন করেনা, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা।

ওবায়দুল কাদের আরো বলেন, যারা লোক দেখানো নির্বাচনী ইশতেহার দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা একদিন ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

এর আগে মুজিবনগর দিবস উপলক্ষে সকাল সাড়ে ছয়টায় দলের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় দলের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, মোজাফফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একেএম এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কৃষি বিষয়ক সম্পাদক সম্পাদক ফরিদুর নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এসময় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.