Sylhet Today 24 PRINT

নানা বিতর্কের পর ছাত্রলীগ নেতা রনির ‘পদত্যাগ’

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৮

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেছেন নুরুল আজিম রনি।

এক কোচিং ব্যবসায়ীকে মারধরের সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিজেই অব্যাহতি নেওয়ার আবেদন করেছেন তিনি। নিজের ফেসবুকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রনি তার অব্যাহতির আবেদনপত্রটি আপলোড করেন।

এতে তিনি লিখেছেন, ব্যক্তিগত কারণে সাধারণ সম্পাদকে পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

এতে তিনি আরও উল্লেখ করেন, নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া দস্তগীর মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

এর আগে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খানকে পিটিয়ে সমালোচিত হন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। গত মাসের ৩১ তারিখ তিনি এ ঘটনা ঘটান।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তিনি কোচিং সেন্টারের মালিককে পেটালেন। গত ১৩ এপ্রিল রাতে রনি নগরীর ইউনিএইড কোচিং সেন্টারের মালিক মো. রাশেদ মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এই ঘটনার সিসিটিভির ফুটেজ ভাইরাল হয়েছে।

অফিস কক্ষের প্রায় ৬ মিনিটের এই সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে ইউনিএইড কোচিং সেন্টারের মালিক রাশেদ মিয়াকে আঙুল তুলে শাসিয়ে টেবিল চাপড়াচ্ছেন রনি। একপর্যায়ে রাশেদের গালে থাপ্পড় মারতে দেখা যায় রনিকে।

পরে চুল ধরে টানা-হেঁচড়া করে রাশেদের গালে কয়েকবার থাপ্পড় মারেন তিনি। মাঝে মধ্যে চলতে থাকে তার ‘শাসন’। এভাবে প্রায় আড়াই মিনিট চলার পর রুম ছেড়ে বেরিয়ে যান রনি।

পুরো ঘটনায় কোচিং মালিক রাশেদকে হাতজোড় করে চেয়ারে বসে থাকতে দেখা গেছে। এ ঘটনায় রাশেদ মিয়া আজ বৃহস্পতিবার পাঁচলাইশ থানায় অভিযোগ দায়ের করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.