Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে ১৪ হাজার পিস ইয়াবাসহ নারী ক্রিকেটার আটক

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৮

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ নাজরীন খান মুক্তা নামে এক নারী ক্রিকেটারকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে তাকে আটক করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আজ ভোরে কক্সবাজার থেকে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাহ তাকে আটক করা হয়। বর্তমানে তাকে কোর্টে চালান করা হয়েছে।

প্রণব চৌধুরী বলেন, নাজরীন খান মুক্তা (২৩) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্রী ছিলেন। মুক্তা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি গ্রামের আবুল খায়ের কাজলের মেয়ে। বর্তমানে ঢাকার সেগুনবাগিচায় তাদের বাসা। মাদকাসক্ত হওয়ার পর অনিয়মিত হয়ে পড়ায় তার ছাত্রত্ব বাতিল হয়। তিনি ঢাকা প্রিমিয়ার লীগ, মহিলা ক্রিকেট লীগে নিয়মিত অংশ নেন। মহিলা ক্রিকেট আনসার টিমের তিনি একজন নিয়মিত ক্রিকেটার।

আগেও মুক্তা কয়েকবার কক্সবাজার এসে ঢাকায় ইয়াবা নিয়ে গেছেন। কক্সবাজারের নাহিদ নামে এক যুবক ইয়াবা সংগ্রহ করে ঢাকায় রিপন নামে আরেক যুবকের মাধ্যমে মুক্তা ইয়াবা বিক্রি করে। এছাড়া নিয়মিত বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে সে ইয়াবা সেবন করে বলে জানিয়েছেন প্রণব চৌধুরী।
         

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.