Sylhet Today 24 PRINT

বুধবার শহীদ মিনারে রাখা হবে বেলাল চৌধুরীর মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৮

একুশে পদকপ্রাপ্ত সদ্যপ্রয়াত কবি বেলাল চৌধুরীর মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার (২৫ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষ কবির মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন।

শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ফেনীর শর্শদীতে পারিবারিক কবরস্থানে কবিকে দাফন করা হবে বলে জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুর ১২টা এক মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয় কবি বেলাল চৌধুরীর।

কবি বেলাল চৌধুরী ট্রনিক কিডনি ডিজিজ, রক্তশূন্যতা ও হাইপোথাইরোটিজসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

আনোয়ার খান মডার্ন হাসপাতালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, কবি বেলাল চৌধুরীর মরদেহ গোসল করানোর জন্য প্রথমে মোহাম্মদপুর আল মারকাতুলে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে পল্টনের নিজ বাসভবনে নেওয়া হবে। তারপর বিএসএমএমইউ'র হিমঘরে মরদেহ রাখা হবে।

দীর্ঘ চার মাস ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল তার। গত বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শুক্রবার (২০ এপ্রিল) কবির অবস্থার আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক বেলাল চৌধুরী ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদক ছিলেন। রূপালী গ্রুপের ‘সাপ্তাহিক সন্দ্বীপ’ পত্রিকাটিও সম্পাদনা করতেন তিনি।

বেশ কয়েক বছর ভারতের কলকাতায় অবস্থানকালে তিনি কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘কৃত্তিবাস’ এ কাজ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- নিষাদ প্রদেশে, আত্মপ্রতিকৃতি, স্থিরজীবন ও নিসর্গ, স্বপ্নবন্দী', সেলাই করা ছায়া, কবিতার কমলবনে, যাবজ্জীবন সশ্রম উল্লাসে ও বত্রিশ নম্বর।

সাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পান। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.