Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া যাচ্ছেন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল সামিট অন ওমেন’ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার তিন দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ার সিডনিতে যাচ্ছেন। সম্মেলনে প্রধানমন্ত্রী মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ তে ভূষিত হবেন।

প্রধানমন্ত্রী আজ বিকালে থাই এয়ারওয়েজের একটি বিমানে করে অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। খবর বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) শুক্রবারে এক অনুষ্ঠানে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট অ্যাতিফেত জাহজাগার সঙ্গে এই গ্লোবাল ওমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ গ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘গ্লোবাল সামিট অব ওমেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে সম্মাননা পদকে ভূষিত করেছে।

গ্লোবাল ওমেন সামিট বিশ্বব্যাপী নারী নেতৃবৃন্দের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলীসংক্রান্ত একটি বার্ষিক সম্মেলন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একটি সূত্র জানায়, এই সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণে তার সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী তার এই সফরকালীন ২৮ এপ্রিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিডনিতে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সৌজন্য সাক্ষাৎ করবেন।

শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেল-এ একটি পাবলিক ফাংশনে যোগ দেবেন। এর পর ২৯ এপ্রিল অস্ট্রেলিয়া ত্যাগ করে পরের দিন তার দেশে ফেরার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.