Sylhet Today 24 PRINT

ঢাবি ছাত্রলীগের সম্মেলন আজ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৮

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন আজ রোববার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সম্মেলনের মাধ্যমেই নির্বাচন করা হবে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রলীগের আগামী নেতৃত্ব।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এই সম্মেলনের উদ্বোধন করবেন। এতে প্রধান থাকবেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের রাজনৈতিক সঙ্কটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কেন্দ্রের পরেই ছাত্রলীগের এই ইউনিট আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণ। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে কারা আসছেন, এ নিয়ে চলছে শেষ মুহূর্তের হিসাবনিকাশ।

জানা গেছে, একাধিক সংস্থার পক্ষ থেকে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পাঠানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত দুই কমিটি বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চল থেকে দেয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অবশ্য এবার এই আঞ্চলিক বলয় থেকে বের হয়ে যোগ্যরাই মূল্যায়িত হবেন বলে আশা করছেন সম্ভাব্য পদপ্রত্যাশীরা।

পদপ্রত্যাশী একাধিক ছাত্রলীগ নেতা নাম প্রকাশ না করে বলেন- আমরা আশা করছি, যারা দলের প্রতি অনুগত, মেধাবী, পরিশ্রমী এবার তাদেরকে প্রাধান্য দেয়া হবে।

ইতোমধ্যে পদপ্রত্যাশী অনেকেই আওয়ামী লীগের হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.