Sylhet Today 24 PRINT

এই অমিত শাহ সেই অমিত শাহ নয় : খোকা

খালেদার সঙ্গে কথা হয়নি বলে অমিত শাহর যে বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে এসেছে তা ‘আসল অমিত শাহর’ কথা নয় বলে দাবি করেছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

নিউজ ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৫

বিজেপি সভাপতি অমিত শাহ অস্বীকার করলেও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলছেন, ভারতের ক্ষমতাসীন দলের সভাপতির সঙ্গে তার দলনেত্রী খালেদা জিয়ার টেলিফোন আলাপ হয়েছিল।

খালেদার সঙ্গে কথা হয়নি বলে অমিত শাহর যে বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে এসেছে তা ‘আসল  অমিত শাহর’ কথা নয় বলে দাবি করেছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত খোকা মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

মার্কিন কংগ্রেসম্যানদের ভুয়া বিবৃতি প্রচারের জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী দুই নেতাকে দল থেকে বাদ দেওয়ার  খবর জানাতে ওই সংবাদ সম্মেলন করেন খোকা।

সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অমিত শাহ খালেদা জিয়াকে ফোন করেছিলেন। দেশের যে দুটো গণমাধ্যমে ( ৭১ টিভি, চ্যানেল ২৪) অমিত শাহর যে বক্তব্য প্রচার করা হয়েছে, সেটা আসল অমিত শাহর কথা নয়।

“এই ঘটনা যদি মিথ্যা হতো তাহলে বিজেপির পক্ষ থেকেই কোন বিবৃতি প্রদান করা হত।”

গত ৮ জানুয়ারি রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেন, আগের রাতে খালেদা জিয়াকে টেলিফোন করে তার খোঁজ-খবর নিয়েছিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ।

এর সত্যতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা প্রশ্ন তোলার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের কাছে খালেদাকে টেলিফোন করার বিষয়টি উড়িয়ে দেন অমিত শাহ।

“দিজ ইস টোটালি রিউমার,” চ্যানেল টোয়েন্টিফোরকে বলেন তিনি। একাত্তর টেলিভিশনকে তিনি বলেন, “দিস ইজ এ ফেক নিউজ।”

বিষয়টি নিয়ে জানতে চাইলে অমিত শাহ টেলিফোনে বিডিনিউজ২৪ডটকমকে তিনি  বলেন, “আরে ভাই, ম্যায়নে তো উনহে কল নেহি কিয়া, ইয়ে সব বাকোয়াজ খবর কিউ ছাপতে হ্যায়। (আমি তো উনাকে ফোন করিনি, এসব ভুয়া খবর কেন আসে)।”

চিকিৎসার প্রয়োজনে বর্তমানে বিদেশে থাকতে হওয়ায় দেশে সরকারবিরোধী আন্দোলনে অংশ নিতে না পারায় ‘প্রতি মুহূর্তে বেদনায় দগ্ধ’ হওয়ার কথা জানান বিএনপি নেতা খোকা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি পালিয়ে থাকিনি। নিউ ইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছি।”

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবারও কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, “তিনি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছেন না। তিনি মানুষের গণতান্ত্রিক ও ভোটের অধিকারের জন্য আন্দোলন করছেন।”



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.