Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৮

রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু জিরো পয়েন্টের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

রোববার (২৯ এপ্রিল) সকালে প্রতিনিধি দলটি ক্যাম্প ঘুরে সেখানে অবস্থান নেয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এ সময় রোহিঙ্গারা তাদের ওপর চালানো মিয়ানমার সেনাবাহিনীর নির্মমতার বর্ণনা তুলে ধরেন তাদের কাছে।

জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে আছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সরকারি পদস্থ ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। এছাড়া প্রতিনিধি দলের ২৬ জনের মধ্যে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধিসহ ১০ জন স্থায়ী এবং পাঁচজন উপ-স্থায়ী প্রতিনিধি রয়েছেন।

এর আগে শনিবার বিকেলে কুয়েত এয়ারলাইন্সের একটি বিমানে ইরাক থেকে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে দুদিনের সফরে সরাসরি কক্সবাজার যান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলটি। বিমানবন্দর থেকে তারা উখিয়ার ইনানীর রয়েল টিউলিপ হোটেলে যান। সেখানে রাতে বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চাওয়া হয়েছে। জিরো পয়েন্ট পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। এরপর বিকেলে তারা ঢাকা ফিরে যাবেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল বলেন, এ প্রতিনিধি দলকে ঘিরে কক্সবাজারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত দুই দিন ধরে কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফ উপজেলাসহ মেরিন ড্রাইভ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য চারস্তরের নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, রোহিঙ্গা ক্যাম্প ও হোটেলসহ তাদের যাতায়াতের সব স্থানে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা এটিই সর্ববৃহৎ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শনের পর রোহিঙ্গা সমস্যা সমাধানে অনেকটা সুফল আশা করা যেতে পারে।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশ থেকে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে প্রতিনিধি দলটির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.