Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা সঙ্কট: চীন, রাশিয়া, ভারত ও জাপানের জোরালো ভূমিকা প্রত্যাশা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৮

রোহিঙ্গা সঙ্কট সমাধানে  চীন, রাশিয়া, ভারত ও জাপানের জোরালো ভূমিকা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ এপ্রিল) সকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতিনিধিদল গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে ইউএনএসসি’র প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়া, চীন, ভারত ও জাপানের মতো দেশগুলো জোরালো ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।’

নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী, ছবি: পিএমও

তিনি আরও বলেন, ইউএনএসসি’র বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো অ্যাডোলফো মেজা কুয়াদ্রা বেলাসকেজ উচ্চক্ষমতা সম্পন্ন ১৫ সদস্যের ইউএনএসসি’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্যে ঢাকা ও নেইপিদোর মধ্যকার সই করা চুক্তি বাস্তবায়নের জন্য মিয়ানমার সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন।

এছাড়া শেখ হাসিনা বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির ওপর প্রবল চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফের আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।’

এ বিষয়ে প্রধানমন্ত্রী কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘আমরা সংঘাত চাই না, এই সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংকট সমাধানে এরই মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফর এবং মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা এই সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছি।

খবর: বাসস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.