Sylhet Today 24 PRINT

৩৯তম বিশেষ বিসিএসে ৪০ হাজার চিকিৎসকের আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৮

স্বাস্থ্য ক্যাডারে ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে আজ সোমবার।

গত ১০ এপ্রিল এই বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয়। এতে প্রায় ৪০ হাজার চাকরি প্রার্থী আবেদন করেছেন।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেসারউদ্দিন (ক্যাডার) বলেন, প্রায় ৪০ হাজার প্রার্থী এই বিশেষ বিসিএসে আবেদন করেছেন। এতে ফি সহ আবেদনপত্র জমা পড়েছে ৩৭ হাজার ৩১৯ জনের। ২ হাজার ৬০৩ জন প্রার্থী টাকা জমা দেওয়ার জন্য ৭২ ঘণ্টা অপেক্ষমাণ আছেন। মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেছেন।

তিনি বলেন, বিশেষ বিসিএসে অংশগ্রহণ করতে ইচ্ছুক ১৬ জন প্রার্থী আবেদন অসম্পন্ন ছিলো। তাদের পূনরায় আবেদন করার সুযোগ দেয়া হয়। আবেদনপত্রে ভুল হওয়ায় ২০ জন প্রার্থীকে পূনরায় আবেদন করার সুযোগ দেয়া হয়। আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজন করা হবে বলেও তিনি জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৩৯ তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেওয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ৩৯ তম বিশেষ বিসিএসে এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে।

প্রতি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০। লিখিত পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল কমিশনের ওয়েবসাইটে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি ছাড়াও পরীক্ষার সিলেবাস ও নির্দেশনাবলী প্রকাশ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.