Sylhet Today 24 PRINT

বুধবার থেকে ছাত্রলীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০১৮

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ মে। এ উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য বুধবার (২ মে) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে। এই প্রক্রিয়া চলবে তিন দিন।

আগামী ৪ মে পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। আর মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ৫ মে রাত ৮টা পর্যন্ত।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে সাম্প্রতিক কিছু ঘটনায় ছাত্রলীগ নিয়ে নতুন করে ভাবছে আওয়ামী লীগ। এই সংগঠনকে নতুন মডেলে নিয়ে আসার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার গণভবনে দলের নেতাদের সঙ্গে অনির্ধারিত সভায় তিনি পরিষ্কার জানিয়ে দেন, ছাত্রলীগের সম্মেলনে এবার কোনো ভোটপর্ব থাকছে না।

যোগ্যতার ভিত্তিতে পারিবারিক ব্যাকগ্রাউন্ড ও মেধা বিবেচনায় নিয়ে সিলেকশন পদ্ধতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে চায় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী আরো বলেছেন, ‘জীবনবৃত্তান্ত দেখে ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে নেতা বানানো হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার একদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাবির ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একই তথ্য জানান।

তিনি বলেন, ছাত্রলীগের গত কয়েকটি কমিটি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হলেও এবার ভোট ছাড়াই নেতৃত্ব নির্বাচন করা হবে। বাংলাদেশ ছাত্রলীগে যারা আগামী কমিটির নেতৃত্বে আসবেন, তারা কেউ কোনো সিন্ডিকেটের কথায় চলবে না। ছাত্রলীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শে ও শেখ হাসিনার নির্দেশে।

গত ২৬ এপ্রিল রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ছাত্রলীগের কোনো কর্মীর সাংগঠনিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন নষ্ট হোক, তা আমাদের কাম্য নয়। সেদিকে দৃষ্টি রেখে ছাত্রলীগকে কাজ করতে হবে। ছাত্রলীগের সুনাম অক্ষুণ্ণ রেখে শেখ হাসিনার বিজয় অর্জনের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে।

দক্ষ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব আনার লক্ষ্যে ২০০৬ সালে ছাত্রলীগে ভোট প্রক্রিয়া চালু হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরামর্শেই এই প্রক্রিয়া শুরু হয়। গত তিনটি সম্মেলনে এভাবেই ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সারাদেশ থেকে আসা কাউন্সিলরা এই ভোটে অংশ নেন।

তবে যে লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছিল গত তিনটি কমিটি তা পূরণ করতে পারেনি বলে মনে করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দলীয় সভাপতিও তেমনটাই মনে করেন বলে তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। ফলে ছাত্রলীগের নেতা নির্বাচনে আবার সিলেকশন পদ্ধতির দিকে ফিরে যাওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.