Sylhet Today 24 PRINT

সাবেক বিচারপতি আমিরুল কবির চৌধুরী আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০১৮

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আমিরুল কবীর চৌধুরী আর নেই।

মঙ্গলবার (১ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর ছোট জামাই রাজিন আহমেদ জানান, বার্ধক্যজনিত সমস্যায় গত ২৫ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার ফুসফুসে ইনফেকশন দেখা দেয়। অবশেষে আজ মঙ্গলবার তিনি ইন্তেকাল করলেন।

প্রয়াত আমিরুল কবীর চৌধুরীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ধানমন্ডির ঈদগাও মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার বাদ জোহর চট্টগ্রামের চাদগাঁও আবাসিক এলাকার জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা শেষে সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিচারপতি আমিরুল কবির চৌধুরী ১৯৪০ সালের ২৩ জুন কক্সবাজার জেলার রামু উপজেলার নোনাছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম গোলাম কবির চৌধুরী এবং মায়ের নাম গোলনর বেগম চৌধুরী।

১৯৯৬ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০৪ সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। ২০০৭ সালে অবসরের পর বিচারপতি আমিরুল কবির চৌধুরী শ্রম ও আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত হন এবং ২০০৮ সালে নবগঠিত জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান পদে নিয়োগ পান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.