Sylhet Today 24 PRINT

কর্ণফুলীর তীরে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৮

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর পাড় থেকে উদ্ধার হওয়া মৃতদেহটি নগরীর সানশাইন ইংলিশ গ্রামার স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীর বলে নিশ্চিত করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফীন জুয়েল জানান, নদীর পাড়ে পাথরের উপর উপুড় হয়ে থাকা লাশের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা থানায় গিয়ে পরিচয় নিশ্চিত করেন।

বুধবার সকালে পতেঙ্গার ১৮ নম্বর ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার দুই চোখের উপরে ও হাঁটুতে হাল্কা আঘাতের চিহ্ন এবং মুখের মধ্যে ফেনা ছিল। বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নগরীর ও আর নিজাম রোডের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মো. আমিনের মেয়ে তাসফিয়া আমিন। পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করার পর মঙ্গলবার সন্ধ্যা থেকে তাসফিয়ার নিখোঁজ থাকার বিষয়টি জানা যায়।

আরেফীন জুয়েল বলেন, এক মাস আগে অন্য স্কুলের আদনান নামের এক ছাত্রের সাথে তাসফিয়ার সম্পর্ক গড়ে উঠেছিল। তারা দুইজন মিলে মঙ্গলবার বিকালে গোলপাহাড় এলাকায় চায়না গ্রিল নামে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। ওই ছেলে মেয়েটির পরিবারের সাথে দেখা করে জানিয়েছিল, সন্ধ্যার আগে সে তাসফিয়াকে বাসায় যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশায় তুলে দেয়।

তিনি আরো জানান, কীভাবে পতেঙ্গায় তার লাশ পাওয়া গেল সে বিষয়ে তদন্ত চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.