Sylhet Today 24 PRINT

রাজাকার সাঈদী চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মে, ২০১৮

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত শীর্ষ যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামি নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা করানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

বৃহস্পতিবার (৩ মে) গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী সাঈদীকে ঢাকায় এনে কিছু পরীক্ষা-নিরীক্ষা ও ডাক্তারের পরামর্শ নেয়ার পর আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

দুপুরে হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসকের কাছে নিয়ে আসা হয় একাত্তরের এই রাজাকারকে। তাকে ফিজিক্যাল মেডিসিন বিভাগেও নেয়া হয়েছিল। আর চিকিৎসা শেষে বেলা দুইটার দিকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হৃদরোগের সমস্যা ছাড়াও হাঁটু এবং কোমরে সমস্যায় ভুগছেন সাঈদী।

এক বছর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পর থেকে সাঈদীর চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এর জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা জানান, ‘কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাকে (সাঈদী) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়েছিল। চিকিৎসা শেষে আবার কারাগারে নিয়ে আসা হয়েছে।’

সাঈদী কী সমস্যায় ভুগছেন- এ প্রশ্নে কাশিমপুর কারাগারের জেল সুপার বলেন, ‘তিনি ডায়াবেটিকসহ কিছু রোগে ভুগছেন।’

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর জামায়াতের নির্বাহী কমিটির সদস্য সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.