Sylhet Today 24 PRINT

সিলেটে অব্যাহত থাকতে পারে কালবৈশাখী ঝড়

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০১৮

রোববার থেকে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত কমলেও সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সিলেট ও ময়মনসিংহে কয়েক জায়গায় বিজলী চমকানোসহ বজ্রপাতেরও আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেছেন, শনিবার সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে। আগামীকাল থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে যাবে। তবে সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় অব্যাহত থাকবে।

এ সময় বৃষ্টিপাতের সাময়িক বিরতি থাকলেও আগামী ৯ মে থেকে ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলসহ সারাদেশে বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাত হতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.