Sylhet Today 24 PRINT

দেশের কারাগারে আটক ৫০২ বিদেশি: বাচ্চু রাজাকারের নামে ইন্টারপোলে রেডএলার্ট

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুন, ২০১৫

বাংলাদেশের কারাগারে ৫০২ জন বিদেশি আটক রয়েছেন বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর মধ্যে মায়ানমারের সর্বাধিক ২৩৭ জনের মধ্যে কয়েদি ০৯ জন, বিচারাধীন ২০৮ জন এবং মুক্তিপ্রাপ্ত ২০ জন।
 
মঙ্গলবার (২৩ জুন) সকালে জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত মো. মামুনুর রশীদ কিরনের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে সকাল ১০টা ৪৭ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর  সভাপতিত্বে দিনের কার্যসূচী শুরু হয়।
 
সংসদে প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, মায়ানমারের পরই দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় নাগরিক বাংলাদেশের কারাগারে আটক রয়েছেন। ভারতের ২০২ জনের মধ্যে কয়েদি ৪৩ জন, বিচারাধীন ১০৩ জন এবং মুক্তিপ্রাপ্ত ৫৬ জন। 
 
এছাড়া পাকিস্তানের ৪৩ জনের মধ্যে কয়েদি ৮ জন, বিচারাধীন ৩৩ জন এবং মুক্তিপ্রাপ্ত ২ জন। নেপালের ২ জনই মুক্তিপ্রাপ্ত। তানজানিয়ার ৩ জনের মধ্যে কয়েদি ২ জন, বিচারাধীন ১ জন। নাইজেরিয়ার ১০ জনই বিচারাধীন। মালয়েশিয়ার ১ জনই বিচারাধীন। এছাড়া ক্যামেরুনের ২ জন বিচারাধীন, পেরুর ১ জন বিচারাধীন,  ও আলজেরিয়ার ১ জন বিচারাধীন। 
 
বাচ্চু রাজাকারের নামে ইন্টারপোলে রেড অ্যালার্ট:
নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের নামে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শনাক্তপূর্বক তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ রেড অ্যালার্ট জারি করা হয়। 

রেড অ্যালার্ট নোটিশটি ইন্টারপোল সদর দপ্তরসহ এর সদস্যভুক্ত সব দেশে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) অবহিত করা হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.