Sylhet Today 24 PRINT

এসএসসি ফল পুনঃনিরীক্ষন শুরু; একাদশে ১৩ মে থেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০১৮

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ফলাফল প্রকাশের পর আজ (সোমবার) থেকে শুরু হয়েছে ফল পুনঃনিরীক্ষনের আবেদন গ্রহণ। একাদশে ভর্তি শুরু হবে ১৩ মে থেকে।

শিক্ষার্থীরা ১৩ মে পর্যন্ত টেলিটক মোবাইল থেকে ফলাফল পুনঃনিরীক্ষনের আবেদন করতে পারবেন বলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়। এক্ষেত্রে প্রতি বিষয় বা পত্রের ফল পুনঃনিরীক্ষনের জন্য ১২৫ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে।

ফলাফল পুনঃনিরীক্ষনের জন্য শিক্ষার্থীরা টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে ম্যাসেজ অপশনে গিয়ে RSC <স্পেস> শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> শিক্ষার্থীর এসএসসি রোল নাম্বার <স্পেস> সাবজেক্ট কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে পুনঃনিরীক্ষনের ফি বাবদ টাকা প্রদানের জন্য পিন নাম্বার আসলে পুনরায় ফি প্রদানের সম্মতি জানিয়ে আরেকটি এসএমএস পাঠাতে হবে। সেক্ষেত্রে ম্যাসেজ অপশনে গিয়ে RSC <স্পেস> YES <স্পেস> পিন নাম্বার <স্পেস> শিক্ষার্থীর ফোন নাম্বার লিখে আবার ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।

শিক্ষার্থীরা চাইলে একটি এসএমএসের মাধ্যমে একাধিক বিষয় কিংবা পত্রের ফল পুনঃনিরীক্ষনের আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বিষয় কোডের পর কমা প্রদান করে পর পর কোড গুলো লিখতে হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

অপরদিকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ‘ভর্তি নীতিমালা-২০১৮’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত আদেশে এ নীতিমালা জারি করা হয়।

নীতিমালা অনুযায়ী কলেজে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১৩ মে। আবেদনের শেষ সময় ২৪ মে। তবে ফল পুনঃ-নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের আবেদন আগামী ৫ ও ৬ জুন গ্রহণ করা হবে।

নীতিমালায় গতবছরের মতোই অনলাইন এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা মাদ্রাসায় ভর্তির জন্য আবেদন করা যাবে। এর জন্য ভর্তি আবেদন ফি বাবত ১৫০ টাকা চার্জ প্রদান করতে হবে শিক্ষার্থীদের।

মোবাইল ফোনে প্রতি এসএমএসে একটি করে কলেজে আবেদন করা যাবে। এর জন্য মোট ১২০ টাকা প্রদান করতে হবে। তবে এসএমএস এবং অনলাইন মিলিয়ে কোনো শিক্ষার্থী ১০টির বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না। এবারও ভর্তি কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

নীতিমালায় বলা হয়েছে, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। এরপর আরও একাধিক ধাপে ফল প্রকাশ ও মাইগ্রেশনসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে বলে নীতিমালায় জানানো হয়।

এছাড়া একাদশ শ্রেণিতে ভর্তির ফি বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, একাদশ শ্রেণিতে সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল/পৌর (উপজেলা) এলাকায় এক হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার টাকা, ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় তিন হাজার টাকা ধার্য করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পাঁচ হাজার টাকার বেশি আদায় করা যাবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত আংশিক এমপিওভুক্ত বা এমপিওবহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা হিসাবে শিক্ষার্থী ভর্তির সময় ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ নয় হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সরকারি কলেজগুলো সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে। দেশের সব সরকারি-বেসরকারি কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে। এ নীতিমালার কোনোরূপ ব্যত্যয় ঘটানো হলে বেসরকরি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজটির এমপিওভুক্তি বাতিল করা হবে। সরকারি কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়/।

সেই সাথে এবার একাদশে শতভাগ মেধার ভিত্তিতে ভর্তি করা হবে বলেও নীতিমালায় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়। তবে মেধার ভিত্তিতে ভর্তির পর অগ্রাধিকার বা বিশেষ কোটায় আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, বিভাগীয় ও জেলা সদর কোটায় ৩ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয়ের অধস্তন দফতর গুলোয় কর্মরতদের সন্তানের জন্য ২ শতাংশ, বিকেএসপি ও প্রবাসী কোটায় শূন্য দশমিক ৫ শতাংশ ভর্তি করা হবে। যদি এসব কোটায় উপযুক্ত শিক্ষার্থী না পাওয়া যায় তবে এ আসনে (অতিরিক্ত আসন) অন্য কাউকে ভর্তি করা যাবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.