Sylhet Today 24 PRINT

বিদ্যুতের দাম বাড়তেই থাকবে: অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমরা বিদ্যুৎকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বিদ্যুতের দাম আরো বাড়বে। যতই দিন যাবে বিদ্যুতের দাম বাড়তেই থাকবে। যতটা সম্ভব সহনীয় মাত্রায় থাকে সেটা সরকার দেখবে।’

মঙ্গলবার (৮ মে) রাতে রাজধানীর একটি হোটেলে ‘কেমন বাজেট চাই’ আলোচনাসভায় এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘বিদ্যুৎখাতে আপাতত কোনো বিনিয়োগ নেই। ২০২৪ সাল পর্যন্ত যত বিদ্যুৎ প্রয়োজন তার ব্যবস্থা হয়েছে।’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিদ্যুৎ-জ্বালানি খাত সব সময় অগ্রাধিকার পায়। কারণ এটি না থাকলে কোনো উন্নয়ন সম্ভব নয়। তবে বিদ্যুৎখাতের অবস্থা এখন ভালো। কারণ ২০২৪ সাল পর্যন্ত যে বিদ্যুৎ দরকার সেটির ব্যবস্থা আছে।’

‘তবে এ খাতে একটা সমস্যা আছে, সেটি হচ্ছে দাম। এখন গ্যাসের দাম একটু সামান্য পরিমাণে বেড়েছে। এবার আবার বিদ্যুতের দাম বাড়বে। যতই দিন বাড়বে এর দাম বাড়বেই, বাড়তেই থাকবে। ভবিষ্যতের কথা চিন্তা করেই বিদ্যুতের দাম বাড়াতেই হবে’ বলে জানান অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ড. কে এ এস মুর্শেদ, ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান ও এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.