Sylhet Today 24 PRINT

ঢাকা-চট্টগ্রাম রুটে বাস ধর্মঘটের ডাক

যানজট নিরসন ও সড়ক সংস্কারের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভয়াবহ যানজট সহনীয় পর্যায়ে আনতে সোমবার (১৪ মে) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম থেকে কোনো যাত্রীবাহী গাড়ি না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ (চট্টগ্রাম)।

রোববার (১৩ মে) বেলা সোয়া একটায় পরিষদের সদস্যসচিব মৃণাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো যান চলাচল করবে না। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরদিন দুপুর ১২টা থেকে তিন ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, ফেনীর মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রেলওয়ে ওভারপাস নির্মাণের কারণে বেশ কিছুদিন ধরে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এই যানজট মহিপাল ছাড়িয়ে কুমিল্লা ও চট্টগ্রামে গিয়ে ঠেকেছে।

পাঁচ থেকে ছয় ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা গেলেও এখন তা ১৫ থেকে ১৭ ঘণ্টায় গিয়ে ঠেকেছে। এতে নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে পৌঁছাতে না পারায় গন্তব্যের পথ পরিবর্তন করে উল্টোপথে ফিরে আসারও ঘটনা ঘটছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.