লণ্ডন প্রতিনিধি | ১৫ জানুয়ারী, ২০১৫
সম্প্রতি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ লন্ডনে ভ্রমণে গিয়ে জামায়াতের পক্ষের লবিস্ট মাহবুব আলম, আফজাল মিয়ার সাথে গোপন মিটিং করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যাদেরকে যুদ্ধাপরাধী ও জামায়াতের সাবেক আমির গোলাম আযমের গায়েবানা জানাযার প্রথম সারিতে দেখা গেছে।
অভিযোগ উঠেছে বন্দর চেয়ারম্যান লন্ডনে গিয়ে জামায়াত নেতাদের সাথে মিলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। পাশাপাশি সরকার পতনের আন্দোলনেও সহায়তা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
গত বছর মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া গণমাধ্যমে বক্তব্য দিয়ে বিধি লঙ্ঘন করেন নিজাম উদ্দিন আহমেদ। ২০১৪ সালের ১৫ জুন “বাংলাদেশ প্রতিদিন” এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নিউমুরিং টার্মিনাল (এনটিসি) পুরো চালু না হলে জাহাজ জট বাড়বে। এর ফলে আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। সাক্ষাৎকারের এক পর্যায়ে চট্টগ্রাম বন্দর নিয়ে ‘ভয়াবহ ষড়যন্ত্রের’আশঙ্কা থাকে বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমে দেওয়া এ সাক্ষাৎকার নিয়ে তখন সংসদীয় কমিটিতে তোলপাড় সৃষ্টি হয়। গণমাধ্যমে বক্তব্য প্রদানের মাধ্যমে সরকারকে অস্বস্তিতে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে বলে কমিটির সদস্যরা অভিযোগ করেন। তারা চেয়ারম্যানকে ধিক্কার জানানোর পাশাপাশি মন্ত্রণালয়কে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেন।
এছাড়া তার বিরুদ্ধে ক্যাপিটাল ড্রেজিং-এর নামে ব্যাপক লুটপাট চালানোরও অভিযোগ বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে এসেছে। অভিযোগ রয়েছে মালয়েশিয়ান মেরিটাইম কোম্পানী এবং বালু জাফর তারই আশ্রয়ে ব্যাপক লুটপাট করেছে।
সম্প্রতি নিজাম উদ্দিন আহমেদকে লন্ডনে একটি ডিনার পার্টিতে মাহবুব আলম নামে এক ব্রিটিশ কাউন্সিলর এর কাছ থেকে উপটৌকন গ্রহণ করতে দেখা যায়। লন্ডনে অনুষ্ঠিত হওয়া যুদ্ধাপরাধী গোলম আযমের গায়েবানা জানাযায় অংশগ্রহণ করতে দেখা যায় এই মাহবুব আলমকে।
এছাড়া লন্ডনে তাকে আবজল মিয়া নামে একজনের সাথে একান্তভাবে দেখা যায়। আবজল মিয়া চলমান যুদ্ধাপরাধীদের বিচার এবং বর্তমান সরকার বিরোধী অপতৎপরতা চালাচ্ছে এমন অভিযোগ রয়েছে।
দেশের প্রধান সমুদ্র বন্দরের চেয়ারম্যানের দায়িত্বে থাকা কালে দেশের বাহিরে গিয়ে জামায়াতের নেতাদের এরকম বৈঠক দেশের বিরুদ্ধে কোন চক্রান্ত কিনা তা স্পষ্ট হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ এর বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।