Sylhet Today 24 PRINT

শামীম ওসমানের আত্মীয়ের মামলায় ত্বকীর বাবা রাব্বির কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০১৫

চেক প্রতারণার একটি মামলায় নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলন নেতা রফিউর রাব্বিকে এক বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুন-উর রশিদ পাঁচ বছর আগের এই মামলার রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি ২০১৩ সালে অপহরণকারীদের হাতে নিহত স্কুলছাত্র ত্বকীর বাবা। ওই হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাসীন দলের সংসদ শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের দায়ী করে আসছিলেন রাব্বি।

আর যে মামলায় রাব্বির সাজার আদেশ এসেছে, সেই মামলাটি দায়ের করেছিলেন শহরের উত্তর চাষাঢ়া এলাকার জালাল উদ্দিন, যিনি সম্পর্কে শামীম ওসমানের মামা শ্বশুর।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মাসুদুর রউফ বলেন, আদালত যে দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে, তার মধ্যে ১ কোটি ৪০ লাখ টাকা মামলার বাদীকে, বাকি টাকা সরকারি কোষাকারে জমা দিতে বলা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

২০১০ সালের জুলাই মাসে করা এরই মামলায় রফিউর রাব্বির বিরুদ্ধে ৭৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগ আনেন জালাল উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.