Sylhet Today 24 PRINT

গত রাতেও ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৭ ‘মাদক ব্যবসায়ী’

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৮

মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে। গতকাল মঙ্গলবার রাতেও দেশের ছয় জেলায় অভিযান চালানোর সময় সাত ব্যক্তি তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে দাবি করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মাদকবিরোধী অভিযানকালে কুষ্টিয়া, কুমিল্লা, ফেনী, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধায় সাতজন নিহত হয়েছেন।র‌্যাব ও পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

কুষ্টিয়া : কুমারখালী ও ভেড়ামারায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- ফটিক ওরফে গাফফার (৩৭) ও লিটন শেখ (৪০)।

পুলিশের দাবি, নিহতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। নিহত ফটিক ওরফে গাফফার উপজেলার এলেঙ্গীপাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে ও লিটন শেখ উপজেলার নওদাপাড়া এলাকার মৃত গোলবার শেখের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গড়াই নদীসংলগ্ন ব্রিজের নিচে ও ভেড়ামারা উপজেলার হাওখালী মাঠে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কুমারখালী থানার ওসি আবদুল খা‌লেক জানান, একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে লাহিনীপাড়ার গড়াই নদীর পাড়সংলগ্ন ব্রিজের নিচে অবস্থান করছে, এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক গুলিবিদ্ধ হন। ওই যুবককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরে পুলিশ জানতে পারে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ফটিক ওরফে গাফফার। ‘বন্দুকযুদ্ধে’ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের দাবি।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৭০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাওখালী মাঠে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন শেখ (৪৫) নিহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি, ৫০০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। তবে পরিবারের দাবি সোমবার রাত থেকে লিটন নিখোঁজ ছিল।

কুমিল্লা : জেলায় গ্রেফতারের পর ডিবি ও থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইসহাক ওরফে ইছা নামে ১১ মামলার এক আসামি নিহত হয়েছেন।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন, এসআই মারুফ ও কনস্টেবল মিজানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রিজসংলগ্ন সামারচর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিহত ইসহাক একই উপজেলার গাজীপুর গ্রামের আবদুল জলিলের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে মঙ্গলবার বিকালে ইসহাককে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, সদর উপজেলার সামারচর এলাকা থেকে ফেনসিডিল উদ্ধার শেষে ফেরার পথে ইছার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ইছার সহযোগীদের এলোপাথাড়ি গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী : সদরের দাউদপুল এলাকায় র‌্যাব ৭-এর সদস্যদের সঙ্গে ‘গোলাগুলিতে’ মো. ফারুক (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ফেনী সদরের দাউদপুল এলাকায় র‌্যাব ৭-এর সদস্যদের সঙ্গে ‘গোলাগুলিতে’ তার মৃত্যু হয়।

জেলা সিনিয়র এএসপি মিমতানুর রহমান জানান, র‌্যাবের টহল দল চেকপোস্টে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়। তখন গাড়ি না থামিয়ে ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, একটি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি ও পাঁচটি খালি খোসা এবং ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে অনেকগুলো মামলা রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মিমতানুর।

ঠাকুরগাঁও : সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলতাফুর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার ভোর ৪টার দিকে উপজেলার ভাতারমাড়ী ফার্ম নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে টেলিফোনে জানানো হয়, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী দুই থানার পুলিশের এক যৌথ অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা গুলি চালালে পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আলতাফুরের মৃত্যু হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বালিয়াডাঙ্গী থানার ওসি সাজেদুর রহমানসহ দুই পুলিশ কর্মকর্তা।

গাইবান্ধা : পলাশবাড়ী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে রাজু মিয়া নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য।

বুধবার সকালে র‌্যাব-১৩ গাইবান্ধার সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। রাজু পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রাইগ্রামের মৃত আবদুল জোব্বারের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার বিশ্রামগাছি গ্রামে মাদকবিরোধী অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালান রাজু। এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে 'বন্দুকযুদ্ধে' রাজু নিহত হন। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও গাঁজা জব্দ করা হয়েছে। রাজুর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

রংপুর : রংপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহিন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত শাহিন মিয়া তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

বুধবার ভোরে সদর উপজেলার হাজিরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে এক বস্তা ফেনসিডিল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.