Sylhet Today 24 PRINT

বৈদেশিক মুদ্রা রিজার্ভে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয়, রিজার্ভ ছাড়ালো ২৫ বিলিয়ন ইউএসডি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৫

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ি দেশে প্রথমবারের মতো বিদেশী মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর আগে গত এপ্রিলে রিজার্ভ ছিল ২৪ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান ভারতের ঠিক পরেই।

বৃহস্পতিবার (২৫ জুন) দিন শেষে রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ০২ বিলিয়ন ডলারে উন্নিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহা-ব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বলেন, দেশে বিদেশী মুদ্রার রিজার্ভ প্রথমবারের ২৫ বিলিয়ন ডলার অতিক্রম করল।

তিনি আরোও বলেন, রফতানি ও রেমিটেন্সে ভালো প্রবৃদ্ধি এবং বেসরকারি খাতে প্রচুর বিদেশি ঋণ আসার কারণে এক বছরের ব্যবধানে রিজার্ভ ২১ বিলিয়ন ডলার থেকে ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ রিজার্ভ দিয়ে সাত মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ২২ এপ্রিল রিজার্ভের পরিমাণ ছিল ২০ দশমিক ১ বিলিয়ন ডলার। ২৪ জুন তা বেড়ে ২১ দশমিক ৩২ বিলিয়ন ডলার হয়।

চলতি বছর ২৬ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ২৩ বিলিয়ন ডলার অতিক্রম করে। মার্চের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) জানুয়ারি-ফেব্রুয়ারি মেয়াদের ১০১ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর তা ২২ বিলিয়ন ডলারে নেমে এলেও ৩০ মার্চ তা ফের ২৩ বিলিয়ন ডলার ছাড়ায়।

এরপর ২৯ এপ্রিল ২৪ মিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন। মাঝখানে কিছুটা কমলেও সব রেকর্ড ভেঙে বৃহস্পতিবার তা ২৫ বিলিয়ন ডলারের কোটা ছাড়িয়ে যায়।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। বাংলাদেশকে দুই মাস পরপর আকুর বিল পরিশোধ করতে হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি মাসের ১৯ দিনে (১ থেকে ১৯ জুন) ৯৭ কোটি ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আর চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ১১ মাসে, অর্থাৎ জুলাই-মে সময়ে ১ হাজার ৩৮৭ কোটি ৪৭ লাখ ডলারের দেশে এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ২১ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-মে সময়ে ২৮ দশমিক ১৪ বিলিয়ন ডলারের রপ্তানি আয় দেশে এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৮ শতাংশ বেশি। সংবাদ সূত্র: চ্যানেল আই অনলাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.