Sylhet Today 24 PRINT

একরামুলের সঙ্গে বেআইনি কিছু হলে ব্যবস্থা: মন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৮

টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় বেআইনি কিছু ঘটলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার রাজধানীতে এক ইফতার মাহফিলে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। তেজগাঁও স্কুলের ‘তেজগাঁও ওল্ড স্টুডেন্টস সোসাইটি’ ইফতার মাহফিলের আয়োজন করে।

বৃহস্পতিবার কক্সবাজার প্রেসক্লাবে একসংবাদ সম্মেলনে ১৪ মিনিটের এই অডিওক্লিপ শুনিয়ে আয়েশা বেগম দাবি করেন, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

অডিওক্লিপটিতে একারমুলের সাথে তাঁর ও তাঁর মেয়েদের শেষ কথোপকথনের রেকর্ড রয়েছে বলে দাবি করেন তিনি। এই অডিও রেকর্ডে গুলি, গালাগালি ও সাইরেনের শব্দ শোনা যায়। পাশাপাশি একজন নারীকে 'আমার জামাই কিছু করে নাই' বলে আর্তনাদ করতে শোনা যায়। এই নারীকণ্ঠ তাঁর নিজের বলে দাবি করেন আয়েশা।

চারটি অডিও ক্লিপ সংবাদ সম্মেলনে শুনিয়ে আয়েশা বলেন, সেখানে শুরুতে মেয়ের সঙ্গে একরামের কথা, পরে তার নিজের কণ্ঠ রয়েছে।

এ বিষয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত যে ধরনের তথ্য আছে, তাতে এ ধরনের কোনো আভাস পাওয়া যায়নি। তবে একরামুল হকের স্ত্রীর বক্তব্য আমরা নিশ্চয় তদন্ত করব।

তিনি বলেন, আমাদের একজন ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবেন। তিনি যদি মনে করেন ওই বন্দুকযুদ্ধে বেআইনি কিছু ঘটেছে। তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.