Sylhet Today 24 PRINT

‘বন্দুকযুদ্ধে’ আরো ২ লাশ

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৮

চলমান মাদক বিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধ ও গোলাগুলির ঘটনায় কুমিল্লা ও কক্সবাজারে ২জন নিহত হয়েছেন।

শনিবার (২ জুন) ভোর রাতে এসব ঘটনা ঘটে।

কুমিল্লার সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন রাস্তার মাথায় পুলিশের সাথে কথিত এই বন্দুকযুদ্ধে নিহত হন সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ‘মাদক ব্যবসায়ী’।

নিহত সাদ্দাম হোসেন চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামের আবুল হাশেম ওরফে কাশেমের ছেলে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সাল বলেন, নিহত সাদ্দামের বিরুদ্ধে চৌদ্দগ্রামসহ বিভিন্ন থানায় মাদক আইনে ১২টি মামলা রয়েছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ২শ’ বোতল ফেনসিডিল ও ৩ রাউন্ড গুলিভর্তি একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

অপরদিকে কক্সবাজারের চকরিয়ায় দুই সন্ত্রাসী গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ মো. শাহজাহান নামে ১২ মামলার এক আসামি নিহত হয়েছেন।

নিহত শাহজাহান বরইতলি ইউনিয়নের মধ্যম বানিয়ার ছড়া এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ভোর রাতে বানিয়ার ছড়া এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ সন্ত্রাসী শাহজাহানের মরদেহ উদ্ধার করে।

এসময় মরদেহের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.