Sylhet Today 24 PRINT

চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা রনি কারাগারে

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৮

চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ জুন) দুপুর ১২টার দিকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওসমান গণির আদালত এ আদেশ দেন বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউসন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

তিনি জানান, বিজ্ঞান কলেজ অধ্যক্ষ জাহেদ খানের দায়ের করা চাঁদাবাজির একটি মামলায় নুরুল আজিম রনি চার সপ্তাহের অন্তর্বতী জামিনে ছিলেন। গত ৭ মে ২০১৮ তারিখে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। মেয়াদ শেষে আজ (সোমবার) মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

উল্লেখ্য, গত ৩১ মার্চ নগরীর চকবাজার থানাধীন চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ক্যাম্পাসে গিয়ে কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর করেন রনি। জাহেদ খানের শরীরে আঘাত করার কথা স্বীকার করে পরে এক বিবৃতিতে এজন্য দুঃখ প্রকাশ করেন রনি।

চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধরের কিছুদিন পর স্থানীয় এক কোচিং মালিককে মারধর করেন রনি। রনির মারধরের সেই ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এরপর ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি নেন রনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.