Sylhet Today 24 PRINT

অধ্যাপক আনিসুজ্জামানসহ ৩ জন হচ্ছেন জাতীয় অধ্যাপক

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০১৮

অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ও অধ্যাপক ড. রফিকুল ইসলামকে জাতীয় অধ্যাপক করার সুপারিশ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে রোববার সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অধ্যাপক নিয়োগের লক্ষ্যে গঠিত নির্বাচনী কমিটির বৈঠকে দেশের বরেণ্য এই তিন শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক করার সুপারিশ করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, কমিটি তিনজনের নাম সুপারিশ করেছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতি জাতীয় অধ্যাপক নিয়োগ করবেন।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব দেশের ৯ জন শিক্ষাবিদের তালিকা প্রস্তাব আকারে উত্থাপন করেন। সর্বশেষ ২০১১ সালের জুন মাসে পাঁচজন শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালের জুনে। এসব অধ্যাপকের মধ্যে ডা. সাহেলা খাতুন ছাড়া সবাই মারা গেছেন।

জাতীয় অধ্যাপক বাংলাদেশের বিশেষ রাষ্ট্রীয় সম্মান, যা বাংলাদেশ সরকার শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও গবেষণার জন্য দেশের বিশিষ্ট পণ্ডিত, চিন্তাবিদ ও শিক্ষকদের দিয়ে থাকে। ১৯৭৫ সাল থেকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। সাধারণত পাঁচ বছর মেয়াদের জন্য কোনো বিশিষ্ট ব্যক্তি জাতীয় অধ্যাপক হিসেবে নিযুক্তি পেয়ে থাকেন। তবে ক্ষেত্রবিশেষে মেয়াদ আরও দীর্ঘ হতে পারে। নীতিমালা অনুযায়ী জাতীয় অধ্যাপক পুনর্নিয়োগের ব্যবস্থাও রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.