Sylhet Today 24 PRINT

শিক্ষা মন্ত্রণালয়ে চুরি সবচেয়ে বেশি: অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অন্যান্য মন্ত্রণালয়ের তুলনায় দেশে শিক্ষা মন্ত্রণালয়ে চুরিটা সবচেয়ে বেশি হয়। বলতে খারাপ লাগলেও ব্যাপারটা সত্য।

এসময় সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এই বড় বড় সব চুরিগুলোর ভেতর থেকে একটি বড় সিন্ডিকেটকে ধরতে সাহায্য করেছিলেন প্রয়াত সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক।

সোমবার (০৪ জুন) সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের ৮৪তম জন্মদিন উপলক্ষে খুলনা বিভাগীয় সমিতি, ঢাকার আয়োজনে এক স্মরণসভায় এসব মন্তব্য করেন অর্থমন্ত্রী।

স্মরণসভায় মুহিত বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে অসাধারণ কিছু কাজ করে গেছেন সাদেক। মন্ত্রণালয়ে তখন প্রচুর পরিমাণে এমপিও চুরি হতো। এরপর তিনি আইন করলেন প্রত্যেক শিক্ষককে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। তাদের বেতন ভাতা এই অ্যাকাউন্টের মাধ্যমে তাদের কাছে পাঠানো হবে। যা এখনো শিক্ষাক্ষেত্র ছাড়া অন্য ক্ষেত্রেও চলমান।

মন্ত্রী বলেন, এএসএইচকে সাদেক আমাদের প্রধানমন্ত্রীর দারুণ আস্থাভাজন ছিলেন। সেই সুবাদে তার নিজ জেলা যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার নামে যেন একটি শিক্ষার্থী হলের ব্যবস্থা করা হয়, সে ব্যাপারে আমরা চিন্তাভাবনা করবো।

মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে মুহিত বলেন, ৭১'এ সাদেক ঢাকায় ছিলেন এবং অ্যাডমিরাল আহসানের সঙ্গে কাজ করতেন। এর ফলে তিনি পাকিস্তানের বেশ আস্থাভাজন ছিলেন। এ সুযোগটা কাজে লাগিয়ে তার সরকারি বাড়িতে গেরিলা মুক্তিযোদ্ধারা আসা-যাওয়া করতেন। এমন সাহস দেখে তার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গিয়েছিলো এবং তিনি শ্রদ্ধা পাওয়ার মতো মানুষও ছিলেন।

স্মরণসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ'র চেয়ারম্যান মশিউর রহমান। এসময় অতিরিক্ত সচিব গিয়াস উদ্দীন, খুলনা বিভাগীয় সমিতির সভাপতি প্রকৌশলী এম এ কুদ্দুস, সাধারণ সম্পাদক বিএম সেলিম রেজাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.