Sylhet Today 24 PRINT

অনুমোদন পেল আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৮

বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় মান নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে ঠিক এমন সময় শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে নতুন করে অনুমোদন পেলো আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর আগে গত এপ্রিলে দুই দফায় চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো ১০৩টি।

নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় দুটি হলো- ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি’ হবে ঢাকার মহাখালীতে। এটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হোসাইন। আর অন্যটি ‘ট্রাস্ট ইউনিভার্সিটি’ হবে বরিশালের নবগ্রাম রোডে। এটির প্রতিষ্ঠাতা কাজী শফিকুল আলম।

আগের মতো মোট ২৩টি শর্তে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন দিয়ে ৩ জুন প্রতিষ্ঠাতাদের চিঠি দিয়ে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

১৯৯২ সালে আইন পাস হওয়ার পর দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন শুরু হয়। গত নয় বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে অর্ধশত বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়। এ ক্ষেত্রে দলীয় বিবেচনা প্রাধান্য পেয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ও দলীয় বিবেচনায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.