Sylhet Today 24 PRINT

ইমরান এইচ সরকারকে ছেড়ে দিয়েছে র‍্যাব

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৮

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র‌্যাব।

বুধবার (৬ জুন) রাত ১১টার দিকে তাকে র‌্যাব-৩-এর কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়। র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্ণেল এমরানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শাহবাগে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিরোধী’ মানববন্ধন করার সময় ইমরান এইচ সরকারকে আটক করা হয়।

লে. কর্নেল এমরানুল হাসান বলেন, ‘শাহবাগে অবৈধভাবে সমাবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

বুধবার বিকেলে শাহবাগে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিরোধী’ মানববন্ধন করার সময় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ ও র‌্যাব-৩। এরপর পুলিশ ও র‌্যাব সদস্যরা একসঙ্গে তাদের ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে র‌্যাব-৩ সদস্যরা ইমরান এইচ সরকারকে আটক করে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান। মাইক্রোবাসের সামনে পেছনে র‌্যাবের দু’টি পিকআপ ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.