Sylhet Today 24 PRINT

২টি গাড়ি ও ৮ হাজার বর্গফুট সম্পত্তিতে ১০ শতাংশ সারচার্জ

বাজেট ২০১৮-২০১৯

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০১৮

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যাঁদের নিজ নামে দুটি গাড়ি রয়েছে ও সিটি করপোরেশন এলাকায় মোট ৮ হাজার বর্গফুট আয়তনের গৃহসম্পত্তি আছে, তাঁদের ১০ শতাংশ হারে সারচার্জের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুন) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী বলেন, এ বছর সারচার্জের ক্ষেত্রে কিছুটা সংস্কার করে নীট পরিসম্পদের ভিত্তিতে সারচার্জ আরোপের পাশাপাশি যাদের নিজ নামে দুটি করে গাড়ি রয়েছে বা সিটি করপোরেশন এলাকায় মোট ৮ হাজার বর্গফুট আয়তনের গৃহ-সম্পত্তি রয়েছে তাদেরকেও সারচার্জের আওতায় আনার প্রস্তাব করছি।'

তিনি নীট পরিসম্পদের প্রদর্শিত মূল্যের ভিত্তিতে আরোপিত সারচার্জের বিদ্যমান হার বহাল রাখার প্রস্তাব করেন।

মুহিত বলেন, নীট পরিসম্পদের মূল্যমান ২ কোটি ২৫ লাখ টাকা অতিক্রম করলে ন্যূনতম সারচার্জের পরিমাণ ৩ হাজার টাকা এবং ১০ কোটি টাকা অতিক্রম করলে ন্যূনতম সারচার্জের পরিমাণ ৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করছি।

তাছাড়া সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী করদাতার উক্ত ব্যবসায় হতে অর্জিত আয়ের উপর বিদ্যমান ২ দশমিক ৫ শতাংশ হারে সারচার্জ বহাল থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.