সিলেটটুডে ডেস্ক | ০৭ জুন, ২০১৮
উবার, পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং কোম্পানিগুলো যে আয় করবে, তার ৫ শতাংশ ভ্যাট হিসেবে দিতে হবে সরকারকে।
বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনের মধ্যে দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতাদের মূসকের আওতায় আনতে এসআরও জারি করেছে।
এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠান যে সেবামূল্য প্রাপ্ত হন, শুধু সে অংশের উপর নিট পাঁচ শতাংশ হারে মূসক আদায়যোগ্য হবে।”
অর্থাৎ রাইড শেয়ার করে চালক যে অর্থ উপার্জন করছেন, তাকে ভ্যাট দিতে হচ্ছে না। ওই রাইড শেয়ারের সেবামূল্যের যে অংশটি প্রতিষ্ঠান পাবে, তার উপর ভ্যাট নেবে সরকার।
এমন নির্দেশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাঠাও এর প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন এম ইলিয়াস বলেন, “সরকারের এমন সিদ্ধান্তে আমরা বেশ অবাক হয়েছি। এর ফলে যাত্রীদের জন্যে এই সেবা ব্যয়বহুল হয়ে যাবে। কেননা, মূল্য সংযোজন কর সেবা গ্রহণকারীদেরকেই দিতে হবে।”
ভ্যাট আরোপের সিদ্ধান্তটি সরকারের ডিজিটাল সেবাশিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।
২০১৬ সালে শুরু হওয়ার পর এখন বেশ কয়েকটি অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশে সক্রিয়।
এর মধ্যে উবার, পাঠাও ছাড়াও রয়েছে স্যাম, সহজ, চলো, বাহন, আমার বাইক, আমার রাইড, ময়ূর, ওয়েজ, ও ভাই ইত্যাদি।
রাজধানীর যানজট, সিএনজি অটোরিকশা পেতে দুর্ভোগ এবং অপর্যাপ্ত গণপরিবহনের কারণে দ্রুতই জনপ্রিয়তা লাভ করে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা।