সিলেটটুডে ডেস্ক | ০৮ জুন, ২০১৮
অনলাইন কেনাকাটায় ৫ শতাংশ কর নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন।
শুক্রবার (৮ জুন) বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ফেসবুক, গুগলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আয়ের উপর কর আরোপ করা হয়েছে। তবে অনলাইনে কেনাকাটার জন্য জনগণকে কোনো কর দিতে হবে না।
এনবিআর চেয়ারম্যান, অনলাইন কেনাকাটায় ৫ শতাংশ করের বিষয়টি প্রিন্টিং ভুল ছিল।
গতকাল বৃহস্পতিবার (৭ জুন) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট বক্তব্যেও ছিল অনলাইন কেনাকাটায় ৫ শতাংশ ভ্যাটের বিষয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ সচিব মুসলিম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী উপস্থিত আছেন।