Sylhet Today 24 PRINT

জেনেভা ক্যাম্পের ‘ইয়াবা সম্রাজ্ঞী’ পাপিয়া গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০১৮

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ তালিকাভুক্ত মাদক চোরাকারবারি জয়নাল আবেদীন ওরফে পাঁচু (২৯) ও তার স্ত্রী ‘ইয়াবা সম্রাজ্ঞী’ খ্যাত ফারহানা আক্তার ওরফে পাপিয়াকে (২৫) রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা, ১টি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, সম্প্রতি মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা হলে তারা আত্মগোপনে চলে যায়। বৃহস্পতিবার রাতে কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) স্পেশাল এ্যাকশন গ্রুপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর লালবাগ এলাকায় ১০ হাজার পিস ইয়াবা পরিবহনের সময় তাদের গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তাদের দেয়া তথ্য অনুযায়ী লালবাগ এলাকার গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয় আরও ১০ হাজার পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও মতিঝিলসহ একাধিক থানায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত রাজধানীর ১২ জন শীর্ষ মাদক চোরাকারবারির মধ্যে অন্যতম পাপিয়া আক্তার। ‘ইয়াবা সম্রাজ্ঞী’ নামে পরিচিত পাপিয়া আক্তার ইয়াবা বিক্রি করে বাড়ি-গাড়ির মালিক হয়েছেন। পাপিয়ার সঙ্গে রয়েছে আরও কয়েকজন নারী। এরা পাপিয়া ও তার স্বামীর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রেতা হিসেবে কাজ করে। এমনকি ক্রেতারা অর্ডার দিলে পৌঁছে দেন বাড়িতে গিয়েও। তবে সম্প্রতি মাদকবিরোধী অভিযান শুরু হবার পর থেকে স্বামীসহ গা ঢাকা দেন পাপিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.