সিলেটটুডে ডেস্ক | ০৮ জুন, ২০১৮
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, একটু কম প্রসাধনীতে খুব অসুন্দর লাগবে এটা ঠিক না। শুক্রবার (৮ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এর আগে বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে নারীদের ব্যবহারের উপযোগী বিদেশি প্রসাধনীর (কসমেটিকসের) ওপর কর বৃদ্ধির প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটারদের মধ্যে সরকারের ব্যাপারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা কিংবা নারী ভোটারদের ক্ষুব্ধ করবে কি না এমন এক প্রশ্ন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তরফ থেকে করা হলে জবাব এড়িয়ে যান অর্থমন্ত্রী।
তখন সেখানে বসা সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী বলেন, ‘মডার্ন প্রসাধনের অনেক রকম ডেফিনিশন হচ্ছে। এখন ট্র্যাডিশনাল প্রসাধন হলে এক কথা আর মডার্ন হলে সুন্দর থাকা সেটাই বড় প্রসাধনী। কেমিকেল জিনিস ব্যবহার করাই খারাপ।’
এরপরই কৃষিমন্ত্রী হাতে মাইক নেন। তিনি বলেন, ‘আমি একটু কবির ভাষায়ই বলি, কবির ভাষা হচ্ছে- অলক কুসুমও না দিও/ শিথিলও করবী বাঁধিও/ কাজল বিহন সুজল নয়নে/ হৃদয় দুয়ারে ঘা দিও/’।
এ সময় মঞ্চে হাসির রোল ওঠে। কৃষিমন্ত্রী বলে যান, ‘কাজেই একটু কম প্রসাধনীতে খুব অসুন্দর লাগবে এটা ঠিক না আরকি।’ এরপর পুরো হল জুড়ে সবাই হেসে উঠেন।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।
এছাড়াও মঞ্চের সামনে দর্শক গ্যালারিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়াসহ সরকারের পদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।