Sylhet Today 24 PRINT

রাজধানীতে প্রাইভেটকারে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৮

রাজধানীর কলেজ গেট এলাকায় তরুণীকে জোর করে প্রাইভেটকারে তুলে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত প্রাইভেটকারের মালিক মাহামুদুল হক রনিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন পথচারীরা।

শনিবার (৯ জুন) রাতে রনি ও তাঁর ড্রাইভার একটি মেয়েকে জোর করে তাদের প্রাইভেটকারে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।

এ সময় রাস্তায় থাকা লোকজন বিষয়টি টের পেয়ে কলেজ গেট এলাকায় প্রাইভেটকারটি আটক করেন। পরে সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। রনি ও তাঁর ড্রাইভারকে এ সময় গণপিটুনি দেন পথচারীরা। এক পর্যায়ে ড্রাইভার পালিয়ে গেলেও রনিকে আটক করে পুলিশ।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত রনিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া সঠিক তথ্যের জন্য ভুক্তভোগী তরুণীকে থানায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, তরুণীর সন্ধান পেয়েছে পুলিশ। অভিযুক্ত রনিকে আটক ও তাঁর প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।    

রনির কাছ থেকে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাতে ওসি জানান, রনি পেশায় একজন ব্যবসায়ী। তার বাসা জিগাতলায়। সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক। তবে তিনি এই ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।

প্রসঙ্গত, এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.