Sylhet Today 24 PRINT

তুরিন আফরোজের বিষয়ে সিদ্ধান্ত চলতি মাসেই: আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৮

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের গোপন বৈঠকের অভিযোগের বিষয়ে চলতি মাসেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১০ জুন) সচিবালয়ে অধস্তন আদালতের বিচারকদের ব্যবহারের জন্য প্রাইভেটকার এবং মাইক্রোবাস হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তুরিন আফরোজের গোপন বৈঠক সংক্রান্ত অভিযোগের তদন্তের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘তার বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এটা একটা অতিগুরুত্বপূর্ণ অভিযোগ। তিনি যে পদে আছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এখানে তার ব্যাপারে আবেগ নির্ভর কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না।’

তবে এসব সিদ্ধান্ত একটু তাড়াতাড়ি নেয়াই ভালো উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘সেক্ষেত্রে রিজনেবল টাইম অর্থাৎ এ মাসের মধ্যেই তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে।’

প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং পাসপোর্ট অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হককে গত ২৪ এপ্রিল গ্রেপ্তার করা হয়। পরদিন ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠান।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর প্রসিকিউটর তুরিন আফরোজকে আসামি ওয়াহিদুল হকের বিরুদ্ধে করা মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এরপর তুরিন আফরোজ ফোনে আসামির সঙ্গে যোগাযোগ করে বোরকা পরে একটি হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ রয়েছে বলে তাকে জানান।

পরে বিষয়টি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার নজরে এলে প্রসিকিউটর তুরিনকে এ মামলা থেকে অব্যাহতি দেন চিফ প্রসিকিউটর। পাশাপাশি এ ঘটনার তদন্ত শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.