Sylhet Today 24 PRINT

প্রাইভেটকারে ধর্ষণের চেষ্টায় আটক রনির বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৮

রাজধানীর শেরেবাংলা নগরে এক তরুণীকে প্রাইভেটকারে তুলে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মাহমুদুল হক রনি’র বিরুদ্ধে মামলা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী তরুণী ও তার বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

রোববার (১০ জুন) রাতে শেরেবাংলা নগর থানার অফিসার (ওসি) জি জি বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, ভুক্তভোগী তরুণী ও তার বান্ধবীকে খুঁজে পাওয়া গেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বিকালে অভিযুক্ত রনির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

তিনি বলেন, ‘অপহরণ করে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে। অভিযোগকারীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। সেখানে থেকে পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হবে।’

এর আগে দুপুরে শেরেবাংলা নগর থানার ওসি বলেছিলেন, ঘটনার সময় রনির গাড়িতে দুইজন মেয়ে ছিল। তাদেরকে শনাক্তকরণের চেষ্টা চলছে। তাদের পেলেই ঘটনার আরও অনেক তথ্য পাব বলে আশা করছি।

ঘটনার বর্ণনা দিয়ে জি জি বিশ্বাস বলেন, সংসদ ভবনের সামনে থেকে রনির নিজস্ব গাড়িতে দুটি মেয়েকে তোলা হয়। পরে একজন মেয়েকে ঘটনার সময় অর্ধেক রাস্তায় এসে নামিয়ে দিয়ে চলে যায়। তখন ওই মেয়েটি রাস্তায় চিৎকার শুরু করে।

এরপর রাস্তায় সাধারণ মানুষ রনির গাড়ি লক্ষ্য করে ছুটে যায় এবং একটি সিগনালে তাকে ও তার ড্রাইভারকে গণপিটুনি দেয়। গণপিটুনির এক পর্যায়ে ড্রাইভার পালিয়ে যায়।

ওসি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ এখনো চলছে। তবে কী উদ্দেশ্যে মেয়েটিকে গাড়িতে নিয়ে যাচ্ছিল তা জানা যায়নি। আর মেয়েটিকে গাড়িতেই ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, সেটা উপস্থিত মানুষের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে।

পরবর্তীতে গণপিটুনির পর রনিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে এলাকার লোকজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.