সিলেটটুডে ডেস্ক | ১১ জুন, ২০১৮
ছবি: ইন্টারনেট
ঢাকার ভাটারার একশ ফিট গরুর হাট এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবকের নাম শরিফুল ইসলাম (২৮)। পুলিশের দাবি, শরিফুর বনানীর জনশক্তি রপ্তানিকারক সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডে জড়িত এবং পেশাদার খুনি। সোমবার ভোররাতে গরুর হাট এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মশিউর রহমান জানিয়েছেন, টার্গেট কিলিংয়ের জন্য কয়েকজন ভাড়াটিয়া খুনি জড়ো হচ্ছে বলে খবর পেয়ে ডিবির একটি দল সেখানে গিয়েছিল। তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।
পরে পুলিশ শরিফুলকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত শরিফুল বনানীর আদম ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের হত্যাকারী হিসেবে সন্দেহের আওতায় রয়েছে।