Sylhet Today 24 PRINT

জামিনে মুক্ত নব্য জেএমবির ‘নারী শাখার প্রধান’ নাবিলা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০১৮

জাতীয় শোক দিবসের দিন জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে জঙ্গি সংগঠন নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেন’-এর প্রধান হোমায়রা ওরফে নাবিলা জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বুধবার (১৩ জুন) বিকাল সাড়ে ৫টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। এ সময় তার বাবা এমএ জাকির তাকে নিয়ে যান।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার সুপার মোহাম্মদ শাজাহান বলেন, জামিনের কাগজপত্র আসায় নাবিলাকে মুক্তি দেওয়া হয়েছে।

গত বছরের ১৫ অগাস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বোমা হামলা চালিয়ে মন্ত্রী-এমপিসহ শতাধিক মানুষকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করার কথা জানিয়েছিল পুলিশ।

নাবিলা ও তার স্বামী তানভীর ইয়াসিন করিম ওই ঘটনায় অর্থের জোগান দিয়েছিলেন বলে অভিযোগ পুলিশের।

জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গত বছরের নভেম্বরে তানভীরকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে গত ৫ এপ্রিল সিদ্ধেশ্বরী এলাকা থেকে নাবিলাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ কমিশনার মহিবুল ইসলাম খান সে সময় বলেছিলেন, হোমায়ারা ওরফে নাবিলা নব্য জেএমবির নারী শাখার প্রধান। তাকে তার সংগঠনে ‘ব্যাট ওমেন’ বলে ডাকা হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত ৮ এপ্রিল নাবিলাকে কাশিমপুর কারাগারে নেওয়া হয় জানিয়ে কারাগারের জেলার উম্মে সালমা বলেন, ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে মঙ্গলবার জামিন পান নাবিলা।

সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, রাষ্ট্রপক্ষ থেকে জঙ্গি নাবিলার জামিনের ঘোর বিরোধিতা করা হয়। আদালত দুই পক্ষকে শুনে নাবিলার জামিন দেন।

উল্লেখ্য, নাবিলা ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করার পর নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেন। নর্থসাউথে পড়ার সময়ই নাবিলা জঙ্গিবাদে যুক্ত হন। তার বাবা হাতিরপুলের মোতালেব প্লাজার মালিক জাকির হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.