Sylhet Today 24 PRINT

সৌদি আরবে ঈদ শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০১৮

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি টিভি জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরবে ঈদ। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এদিকে ভারতে চাঁদ দেখা না যাওয়ায় কেন্দ্রীয়ভাবে শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হলেও কেরালায় শুক্রবারই ঈদ হচ্ছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার এ দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

বাংলাদেশে শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।  

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.