Sylhet Today 24 PRINT

রাজধানীতে আওয়ামী লীগ নেতা খুন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০১৮

ঢাকার বাড্ডায় গুলি চালিয়ে হত্যা করা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে।

নিহত ফরহাদ হোসেন বাড্ডা ইউনিয়ন (এখন সিটি করপোরেশনের অধীন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার মাথা ও বুকে গুলি করে তাকে হত্যা করা হয়।

শুক্রবার (১৫ জুন) দুপুরে জুমার নামাজ শেষে উত্তর বাড্ডার আলীর মোড়ে বায়তুস সালাম জামে মসজিদের সামনে এ হত্যাকাণ্ডটি ঘটে।

বাড্ডা থানার পরিদর্শক(তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘ফরহান জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন। তখনই গুলির ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

কতজন এসে গুলি করেছে বা কীভাবে তারা এসেছিল তা জানাতে পারেননি নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি।

ডিএমপির সহকারী কমিশনার (বাড্ডা) আশরাফুল ইসলাম জানান, “দুজন দুর্বৃত্ত মোটর সাইকেলে এসেছিল। গুলি করেই তারা দ্রুত চলে যায়।”

বাড্ডা এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে গত এপ্রিল মাসে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছিলেন একজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.