সিলেটটুডে ডেস্ক | ২৩ জুন, ২০১৮
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবর মাসের শেষ দিকে ঘোষণা করা হবে।
শনিবার (২৩ জুন) দুপুরে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
হেলালুদ্দীন আহমদ বলেন, বাসাইল একটি ছোট পৌরসভা হলেও নির্বাচন কমিশন প্রত্যেকটি নির্বাচনকে গুরুত্ব দিয়ে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে বাসাইল পৌরসভাসহ সিটি নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে। আশা করছি ৩০ জুনের পৌরসভা নির্বাচন গ্রহণযোগ্য হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মতবিনিময় সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, র্যাব-১২ সিপিসি- তিন নম্বর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রমুখ।
এর আগে বুধবার (২০ জুন) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, আগামী অক্টোবর মাসে নির্বাচকালীন সরকার গঠন করা হতে পারে।