Sylhet Today 24 PRINT

শেয়ার কারসাজি: মার্কের শীর্ষ তিন কর্মকর্তার ৫ বছর দণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০১৮

শেয়ার কারসাজির দায়ে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই এবং পরিচালক সালমা আক্তারকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে কোম্পানিকেও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৪ জুন) রাজধানীর পুরানা পল্টনে পুঁজিবাজার বিষয়ক স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন।

এ মামলার আসামিদের মধ্যে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান মারা গেছেন। আর কোম্পানির ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই ও পরিচালক সালমা আক্তার শুরু থেকেই পলাতক রয়েছেন।

২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আদালতে মামলার বাদী বিএসইসির আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা বলেন, মামলায় সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে রোববার এ আদেশ দেওয়া হয়েছে। আদালত আসামিদের প্রত্যেককে পাঁচবছর করে দণ্ড ও ৫০ লাখ টাকা করে জরিমানা করেছেন। অনাদায়ে প্রত্যেকের আরও ছয় মাস দণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া শেয়ার কারসাজির ঘটনায় কোম্পানিকেও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

১৯৯৯ সালে শেয়ার নিয়ে কারসাজির দায়ে ২০০০ সালে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিসহ চারজনকে আসামি করে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে মামলাটি করা হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে সংস্থাটির তৎকালীন উপপরিচালক আহমেদ হোসেন এ মামলা করেন।

পরে ২০১৬ সালের ৬ নভেম্বর সিএমএম আদালত থেকে এই ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয় মামলাটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.