সিলেটটুডে ডেস্ক | ২৫ জুন, ২০১৮
বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। পরবর্তী তারিখ ২৩ জুলাই নির্ধারন করেছেন আদালত।
সোমবার (২৫ জুন) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্ত এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের মনিরুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে পারেননি।
এজন্য ঢাকা মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৩ জুলাই ধার্য করেন।
আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান (উপ পরিদর্শক) এই তথ্য জানান।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।
এ ঘটনায় ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের কয়েকদিন পর আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে খবর দেয় জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করা ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।’
তবে এসব হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই বলে বারবার দাবি করছে বাংলাদেশ সরকার।