Sylhet Today 24 PRINT

গাজীপুরে সুখবর নেই: রিজভী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যে খবর পাওয়া যাচ্ছে তা মোটেই সুখবর নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টায় গাজীপুরে ভোট চলাকালে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, ইতোমধ্যে শতাধিক কেন্দ্র থেকে অনিয়মের খবর পাওয়া গেছে। গাজীপুরের নির্বাচন নিয়ে আমরা বার বার যে আশঙ্কা করছিলাম তারই প্রতিফলন দেখতে পাচ্ছি।

এদিকে, ভোটগ্রহণ নিয়ে কোনো ধরনের অপপ্রচার না চালাতে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেছেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। কোথাও কোনো ভোট কারচুপি বা দুর্নীতির খবর পাওয়া যায়নি। বিএনপি প্রার্থী ব্যক্তিগত মতাদর্শে যে রাজনীতিই করুন না কেনো, আমি তাকে অনুরোধ করবো জনগণের কাছে মিথ্যা বা অপপ্রচার চালাবেন না। তাদের বিভ্রান্তের চেষ্টা করবেন না। কারণ এখন পর্যন্ত কোনো অনিয়মের ঘটনা ঘটেনি।

অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘এখানে সুষ্ঠু ভোট হবে না। কারণ, নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ সকালেও আমার ১০/১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সাদা গাড়ি বিভিন্ন কেন্দ্রে গিয়ে আমার এজেন্টদের তুলে নিয়ে যাচ্ছে। সরকারি দলের লোকেরা অনেক কেন্দ্রে আমার পোলিং এজেন্টদের মারপিট করে বের করে দিয়েছেন। গতরাতেও আমি সিইসিকে বলেছি। তিনি দেখছেন বলে জানিয়েছেন।’

সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হবে না জেনেও আমি শেষ পর্যন্ত মাঠে থাকব, লড়াই করব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.