Sylhet Today 24 PRINT

আল আরাফাহ ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০১৮

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও পরিচালক বদিউর রহমানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিঙ্গাপুরে এক কোটি ৬৮ লাখ টাকা পাচারের অভিযোগে বদিউর রহমানের বিরুদ্ধে দুদক এই মামলাটি করে।

মঙ্গলবার (২৬ জুন) রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, বদিউর রহমান আল আরাফা ব্যাংকের পরিচালক থাকাকালে সিঙ্গাপুরে এম এস এরিয়েল মেরিটাইম প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। যেখানে তিনি পাঁচ লাখ সিঙ্গাপুরি ডলার সমমূল্যের বাংলাদেশি এক কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা স্থানান্তর করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, বদিউর রহমান ১৯৯৫ সাল থেকে এখন পর্যন্ত আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের (বাংলাদেশ) পরিচালক হিসেবে সংশ্লিষ্ট রয়েছেন। তিনি ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উক্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকের পরিচালক থাকাকালীন বদিউর রহমান সিঙ্গাপুরে ২০০৩ সালে এম এস এরিয়েল মেরিটাইম প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেন। কোম্পানিটি তিনজন পরিচালক নিয়ে (দুজন শেয়ার হোল্ডারসহ) যাত্রা শুরু করে। এর অনুমোদিত মূলধন ছিল ১০ লাখ সিঙ্গাপুরি ডলার এবং পরিশোধিত মূলধন ছিল ৫০ হাজার সিঙ্গাপুরি ডলার। এর মধ্যে বদিউর রহমানের বিনিয়োগ করা মূলধনের পরিমাণ ২৫ হাজার সিঙ্গাপুরি ডলার সমমূল্যের বাংলাদেশি আট লাখ ২৫ হাজার টাকা (২০০৩ সাল)। ২০০৪ সাল থেকে তিনি উক্ত কোম্পানির একক মালিকানা অর্জন করে পরিচালনা করে আসছেন এবং এ সময়ে উক্ত কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি পেয়ে পাঁচ লাখ সিঙ্গাপুরি ডলারে উন্নীত হয়। অর্থাৎ এ সময়ে উক্ত পাঁচ লাখ সিঙ্গাপুরি ডলার সমমূল্যের বাংলাদেশি এক কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা ওই কোম্পানির মূলধন বাবদ বিনিয়োগ করেন বদিউর রহমান। এই ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে তাঁর মূলধনের বৈধ উৎস বিষয়ে বদিউর রহমান গ্রহণযোগ্য কোনো প্রমাণাদি উপস্থাপন করতে পারেননি। পাঁচ লাখ সিঙ্গাপুরি ডলার সমমূল্যের বাংলাদেশি এক কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৮০০ টাকার প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন করে দেশে বিদ্যমান আইনের ব্যত্যয় ঘটিয়ে সিঙ্গাপুরে পাচার করে কোম্পানি প্রতিষ্ঠা করে এবং তা ভোগ করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে বদিউর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.