Sylhet Today 24 PRINT

গাজীপুর সিটি নির্বাচনে ইসির সন্তোষ প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০১৮

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমরা সন্তুষ্ট।

মঙ্গলবার (২৬ জুন) বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ৪২৫টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ৯টি কেন্দ্র বন্ধ করা হয়েছে। বাকি ৪১৬টিতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে।

কমিশন ভোটে বিন্দুমাত্র অনিয়ম বরদাশত করেনি দাবি করে তিনি বলেন, কমিশনের নির্দেশেই অনিয়মের কারণে নয়টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

বিএনপি অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। তাই সে বিষয়ে আমার কিছু জানা নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্বাসযোগ্য নয়।

নয়টি কেন্দ্রের বাইরে কি কোনো অনিয়ম হয়নি-এমন প্রশ্নে তিনি বলেন, এর বাইরে অনিয়মের কোনো তথ্য আমাদের কাছে নেই, বা কেউ কোনো অভিযোগও করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.